মার্চ ৮, ২০২৬, ০২:২৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
সকাল ১১টায় উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বীরগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, এনজিও কর্মী ও নারী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন, নারীদের সকল ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের দাবি।
নারীরা যেন কোনোভাবে নিজ অধিকার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে বিশেষ করে অভিভাবকদের সচেতন থাকতে হবে। প্রতিটি নারীকে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নারীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে। সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের ফলে নারীরা এখন ঘরে ও বাইরে পুরুষদের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়ার এপি ম্যানেজার রবার্ট কমল সরকার এবং সোশ্যাল মোটিভেশন সার্ভিসের প্রতিনিধি ফিলিপ এনসিগ কারুপ। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সোশ্যাল মোটিভেশন সার্ভিসের জুঁই রায়।
অনুষ্ঠানে নারী বিষয়ক কবিতা আবৃত্তি করেন সাদিয়া আক্তারসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিশেষ অবদানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন ও উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হককে সম্মাননা জানানো হয়। এছাড়া গুড নেইবারস বাংলাদেশের প্রতিনিধি নার্গিসকে সম্মাননা স্মারক প্রদান করেন ইউএনও। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন