রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল ৪ ছাগল ও ১ গরু?

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১০, ২০২৬, ০৭:৫০ পিএম

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল ৪ ছাগল ও ১ গরু?

আগুনে ভস্মীভূত গোয়ালঘর :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ীতে মশার কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ছাগল পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের আম্রবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে একটি গরু গুরুতর দগ্ধ হওয়াসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে পরিবারের সবাই সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর হঠাৎ গোয়ালঘর থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে তারা জেগে ওঠেন এবং দেখতে পান গোয়ালঘরের চারদিকে আগুন জ্বলছে। 

পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস আসার আগেই গোয়ালঘরে থাকা চারটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গরু গুরুতর আহত হয়। এছাড়া অগ্নিকাণ্ডে একটি খড় কাটার মেশিন, গোয়ালঘরের ছাউনি এবং বিপুল পরিমাণ জ্বালানি খড়ি ভস্মীভূত হয়েছে।ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে চারটি ছাগলের মৃত্যু ও একটি গরু আহত হওয়ার পাশাপাশি প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে।