কাশী কুমার দাস
মার্চ ১১, ২০২৬, ০৪:৫৯ পিএম
অসহায়দের ঈদ উপহার প্রদান :ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে এসএসসি ব্যাচ ভিত্তিক সংগঠন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন দিনাজপুর জেলা প্যানেলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) স্থানীয় বালুবাড়িস্থ গ্রিনভিউ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ২০টি দুস্থ পরিবারের মাঝে ১০ দিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও ঈদ খরচের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
কর্মসূচি শেষে একই স্থানে সংগঠনের দিনাজপুর জেলা প্যানেলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে আর্তমানবতার সেবায় বিশেষ সহায়তা হিসেবে পিছিয়ে পড়া এক বন্ধুর প্যারালাইজড ভাইয়ের চিকিৎসার জন্য এবং জনৈক মরহুম বন্ধুর পরিবারের বসতঘরের টিনশেড তৈরির জন্য পৃথকভাবে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্যানেলের কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন মূলত একটি চ্যারিটি মূলক সংগঠন হিসেবে পিছিয়ে পড়া বন্ধুদের পাশে দাঁড়াতে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে সবসময় নিবেদিত প্রাণ।
আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সংগঠনের জয়েন্ট কো-অর্ডিনেটর মোজাহারুল, মোকাররম, মোস্তাফিজ, মিনহাজুল, মমতাজ ও আবু রায়হান অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংগঠনিক কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন। এছাড়া আগামীর করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যাপক লাল মিয়া, প্রিন্সিপাল মোফাজ্জল, সহযোগী অধ্যাপক মতিউর রহমান ও সাংবাদিক শাহ আলম শাহী। অনুষ্ঠানে দিনাজপুর সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ৮৮ ব্যাচের বন্ধুরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলের পূর্বে সংগঠনের যে সমস্ত বন্ধু অসুস্থ এবং যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন আব্দুল মোস্তাক। আয়োজকরা জানান, বন্ধুদের এই ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন ও সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।