মার্চ ১৫, ২০২৬, ০৪:৩৩ পিএম
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে শহরের বাহাদুর বাজারস্থ নবরূপীর কার্যালয় প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "নবরূপী সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে আজ দিনাজপুরবাসীর গর্বের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের শিল্পীরা বর্তমানে দেশে-বিদেশে সুনামের সাথে তাদের প্রতিভা তুলে ধরছে।
নবরূপীর অবকাঠামো ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নে আমার সহযোগিতা ইতিপূর্বেও ছিল এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।" তিনি দিনাজপুরের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বেগবান করতে নবরূপীর কর্মকর্তাদের একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ। প্রতিষ্ঠানের সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি ও ইফতার উপকমিটির আহ্বায়ক মো. নাজমুল হক। নবরূপীর নাট্য সম্পাদক শামীম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, বিশিষ্ট ব্যবসায়ী সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড্রইং স্কুলের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা, সমাজসেবক হারুন-উর-রশিদ রাজা, রাজনৈতিক ব্যক্তিত্ব হবিবর রহমান, রবিউল আউয়াল খোকা, সাবেক প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা, নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্যসহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নতুন ঘাসিপাড়াস্থ আল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুল ইসলাম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন