রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ভূমিহীন ২০ পরিবারে ভিএসডিএ’র ঈদ উপহার

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৭, ২০২৬, ০৪:৪৮ পিএম

দিনাজপুরে ভূমিহীন ২০ পরিবারে ভিএসডিএ’র ঈদ উপহার

উপহার দিচ্ছেন আব্দুল হালিম।ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার কর্ণাই কাটাপাড়ায় ভূমিহীন ও হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)। মঙ্গলবার (১৭ মার্চ) আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর সঙ্গে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম। 

তিনি নিজে উপস্থিত থেকে উপহারপ্রাপ্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের জীবনযাত্রার খোঁজখবর নেন। উপহার হিসেবে পরিবারগুলোর হাতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হালিম বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এ ধরনের সম্মিলিত প্রচেষ্টা সমাজে মানবিকতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভিএসডিএ-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

বিতরণ অনুষ্ঠানে ভিএসডিএ’র সহ-সভাপতি মোঃ সেলিম ইসলাম, সংগঠনের ইয়ুথ প্ল্যাটফর্ম ‘চেঞ্জমেকার ইয়ুথ নেটওয়ার্ক’-এর সভাপতি মোঃ শামীম হোসেনসহ অন্যান্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন অনিক কুন্ডু, গোলাপী রায়, সৌমিক ও রুমানাসহ আরও অনেকে।

ভিএসডিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ঈদের আগে এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে। আর্তমানবতার সেবায় সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বড় পরিসরে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।