মার্চ ২৪, ২০২৬, ০৮:২৮ পিএম
দিনাজপুরে আউশ ধান ও পাটের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে কৃষকদের এই সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক।
এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মো. আবদুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রকৌশলী এবং সমাজসেবা অফিসারসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দিনাজপুর সদর উপজেলায় ৬৬৫ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনে উপজেলার মোট ১০৫০ জন কৃষককে আউশ প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
অন্যদিকে পাটের আবাদ বৃদ্ধিতে ৪০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। পাট চাষের জন্য নির্বাচিত প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি উন্নতমানের পাটের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন যে সরকার কৃষি উৎপাদন বাড়াতে এবং কৃষকদের ব্যয় কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কৃষকদের হাতের নাগালে মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়া হলে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফলন বাড়ানোর পরামর্শ দেন। পর্যায়ক্রমে উপজেলার তালিকাভুক্ত বাকি কৃষকদের মাঝেও এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হবে বলে কৃষি দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন