মার্চ ২৮, ২০২৬, ০৪:৪৭ পিএম
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪৩৩ সনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৫টি পদের বিপরীতে ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনের জন্য গঠিত কমিশনের নিকট প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ প্যানেল ও স্বতন্ত্রভাবে এসব মনোনয়নপত্র জমা দেন।
এবারের নির্বাচনে মূলত বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে। পাশাপাশি ৯ জন স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন পদে তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে মো. এমাম আলী এবং সাধারণ সম্পাদক পদে মো. খয়রাত আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরা হলেন সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম-২ ও মো. আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী ও মো. আজেদুর রহমান এবং কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক। এছাড়া এই প্যানেল থেকে পাঠাগার সম্পাদক পদে এসএম মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না এবং সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক আলহাজ্ব মো. মাহাবুবুর রহমান মানিকসহ কার্যনির্বাহী সদস্য পদে পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন।
অন্যদিকে জামায়াত সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে এ কে এম রেজাউল কবির চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আবুল আ’লা মো. মাহবুবুর রহমান ভুট্টু মনোনীত হয়েছেন। এই প্যানেল থেকে সহ-সভাপতি পদে খন্দকার মো. রমজান আলী ও মো. নূর নবী, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম-২ ও মো. ইসহাক আলী এবং কোষাধ্যক্ষ পদে মাে. আব্দুর রাজ্জাক রাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেলটির অন্যান্য সম্পাদকীয় পদে বিনয় কান্তি রায় জীবন, মো. ইকবাল আনসারি ও মো. তোজাম্মেল হক বকুলসহ পাঁচজন সদস্য প্রার্থী রয়েছেন। স্বতন্ত্র হিসেবে সহ-সভাপতি পদে তহসিনা আকতার দিপলী এবং সাধারণ সম্পাদক পদে মো. খাদেমুল ইসলামসহ মোট ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মো. ইব্রাহীম-১ এবং নির্বাচন কমিশনার হিসেবে মো. আইনুল হক-১ ও এ কে এম মঞ্জুর রশীদ রতন দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে মোট ৫৪৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় দুই প্যানেলের আইনজীবী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সমিতি প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন