শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ৯, ২০২৬, ০৪:৩৭ পিএম

চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দিনাজপুর শহরের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দমুখর পরিবেশ এবং প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের মিলন মেলার মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং সমবেত সংগীতের মাধ্যমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংগীতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সৌহার্দ ও কৃষ্ণেন্দু।

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের প্রতিনিধি এবং মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নানা পরামর্শ প্রদান করেন। 

তিনি বলেন, সামনের এসএসসি পরীক্ষা আগের বছরের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। তাই মেধার পাশাপাশি সততা ও সুন্দর আচরণের মাধ্যমেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। পরীক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুলের স্টিক তুলে দিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। স্বাগত বক্তব্যে শ্রেণি শিক্ষক মোঃ আতিকুর রাহমান শিক্ষার্থীদের গত কয়েক বছরের স্মৃতিচারণ করেন।

 

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সনদ চক্রবর্তী লিটু, হাচনাইন ইসলাম ও যুথিকা রায়। পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী বিথি এবং নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্র নিলয় ও শিক্ষার্থী লাবন্য। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোঃ ওবায়দুর রহমান।বক্তারা তাদের আলোচনায় শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল উদ্দেশ্য। 

সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। দীর্ঘদিনের চেনা আঙিনা ছেড়ে যাওয়ার বিচ্ছেদ বেদনা এবং নতুন এক গন্তব্যে পা রাখার উত্তেজনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দও এ সময় উপস্থিত থেকে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে পরীক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।