বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মোঃ আরিফ ইসলাম

এপ্রিল ৯, ২০২৬, ১০:৪৯ পিএম

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে রাজু ওরফে চেঙ্গা (২৪) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি বাজার সংলগ্ন প্রসাদপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত রাজু ওই গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে। 

প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপে ওই এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।বীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে ঝাড়বাড়ি বাজারের প্রসাদপড়া গ্রামে এক ব্যক্তি প্রকাশ্য মাদক সেবন করছে। 

এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় স্থানীয় জনসাধারণের সক্রিয় সহায়তায় রাজু ওরফে চেঙ্গাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। 

বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গ্রাম পুলিশ ও এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন।ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় রাজু ওরফে চেঙ্গাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন তিনি। 

সাজা ঘোষণার পর পুলিশ তাকে যথাযথ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার উপ-পরিদর্শকসহ পুলিশের অন্যান্য সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাজু ওরফে চেঙ্গা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তার এই সাজা প্রদানের ফলে মাদকাসক্ত অন্যান্যদের মধ্যে একটি কঠোর বার্তা পৌঁছাবে বলে মনে করছেন এলাকাবাসী। 

মাদক নির্মূলে বীরগঞ্জ থানা পুলিশের তৎপরতা ও প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বীরগঞ্জ থানা প্রশাসন জানিয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরনের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। কোন প্রকার অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।