এপ্রিল ১২, ২০২৬, ১১:০৮ এএম
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ১৫টি পদের মধ্যে সভাপতিসহ গুরুত্বপূর্ণ ৯টি পদে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ ৪টি পদে সাধারণ আইনজীবী প্যানেলের প্রার্থীরা এবং সহ-সাধারণ সম্পাদকসহ দুইটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।
শনিবার গভীর রাতে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ এমাম আলী।
তার বিপরীতে সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী এডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টু। গুরুত্বপূর্ণ এই দুটি পদে ভিন্ন ভিন্ন প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ায় আদালত অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বিএনপি সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত অন্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ সিরাজুল ইসলাম-২ এবং মোঃ আব্দুল হান্নান জয়ী হয়েছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ পদে মোঃ নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক পদে এসএমজি মোস্তাকিম এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাদেকা তামান্না জয়লাভ করেছেন। অন্যদিকে সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোঃ তোজাম্মেল হক বকুল জয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাজিমাত করেছেন মোঃ তোজাম্মেল হক লিটন।
কার্যনির্বাহী কমিটির ৫ জন সদস্য পদের ফলাফলে দেখা গেছে, বিএনপি সমর্থিত আইনজীবী ফোরাম থেকে মোঃ জোবায়ের আল মাহমুদ তুহিন এবং মোঃ এনামুল হক জয়ী হয়েছেন। সাধারণ আইনজীবী ঐক্য প্যানেল থেকে মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মোছাঃ শারমিন আক্তার সাথী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ সাদেকুর রহমান বিপ্লব বড় জয় পেয়েছেন।
শনিবার রাত ৩টায় জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ইব্রাহীম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এর আগে ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সমিতির মোট ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ আইনজীবীদের মাঝে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়। আদালতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় পুরো নির্বাচন ও ফলাফল ঘোষণা প্রক্রিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় আইনজীবীরা মনে করছেন, এই নির্বাচনের মাধ্যমে পেশাজীবী রাজনীতিতে নতুন নেতৃত্বের প্রতিফলন ঘটেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন