এপ্রিল ১৯, ২০২৬, ১২:১৪ এএম
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনাজপুরে প্রথমবারের মতো বর্ণাঢ্য সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর সাইকেলিং একাডেমির উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার সকাল ৮টায় শহরের ঐতিহাসিক বড় মাঠ থেকে এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়।প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সাইক্লিং একাডেমির সহ-সভাপতি আব্দুল মোস্তাক রুবেল ও সাধারণ সম্পাদক রিয়াদ মাহামুদ ইসলাম।দিনাজপুরের ক্রীড়া ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজনের মধ্য দিয়ে সাইক্লিংপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতাটি মোট ৪টি গ্রুপে বিভক্ত ছিল।
যার মধ্যে স্কুল ছাত্রীদের জন্য ছিল ৫ কিলোমিটার এবং উন্মুক্ত ছাত্রীদের জন্য ১০ কিলোমিটার পথ। অন্যদিকে স্কুল ছাত্রদের ১৫ কিলোমিটার এবং উন্মুক্ত ছাত্রদের জন্য ২০ কিলোমিটার প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ মোট ১২ জন বিজয়ীর হাতে অনুষ্ঠানের শেষে ট্রফি তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে স্থানীয় পর্যায়ে এমন স্বাস্থ্যকর ও সচেতনতামূলক ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানটি সফল করতে দিনাজপুর সাইকেলিং একাডেমির সদস্যবৃন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অক্লান্ত পরিশ্রম করেন। বিশেষ করে সড়কের নিরাপত্তা ও প্রতিযোগিতার শৃঙ্খলা বজায় রাখতে দিনাজপুরের স্কাউট সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্কাউটদের সরব উপস্থিতির কারণে সুশৃঙ্খলভাবে এই সাইক্লিং প্রতিযোগিতা সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।দিনাজপুরের বড় মাঠ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য প্রতিযোগিতাটি শহরবাসীর মাঝে বেশ সাড়া ফেলেছে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে সাইক্লিংয়ের উপকারিতা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাইক্লিং ইভেন্ট করার পরিকল্পনা ব্যক্ত করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন