এপ্রিল ১৯, ২০২৬, ১২:২১ এএম
দিনাজপুরের উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের উদ্যোগে আন্তঃজেলা রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইন্সটিটিউট চত্বরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।টুর্নামেন্টের উদ্বোধন করেন উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু তৈয়ব আলী দুলাল। দিনব্যাপী বিভিন্ন রাউন্ডে দাবাড়ুদের লড়াই শেষে রাত সাড়ে ৮টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের অন্যতম আয়োজক মো. নাদিম এবং টুর্নামেন্ট পরিচালক আলী হাসান আহমেদ প্রমুখ।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আন্তঃজেলা টুর্নামেন্টে দিনাজপুরসহ আশেপাশের কয়েকটি জেলা থেকে মোট ২৭ জন অভিজ্ঞ দাবাড়ু অংশগ্রহণ করেন। রেপিড রেটিং পদ্ধতিতে প্রতিযোগীরা নিজেদের মেধা ও কৌশলের পরিচয় দেন। কয়েক ধাপের প্রতিযোগিতা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ১০ জন প্রতিযোগীকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মেধা বিকাশে দাবার কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে এ ধরনের রেটিং টুর্নামেন্ট আয়োজনের ফলে উদীয়মান দাবাড়ুরা নিজেদের যাচাই করার সুযোগ পাবেন। দাবার জনপ্রিয়তা তৃণমূলে ছড়িয়ে দিতে নিয়মিত এ ধরনের আয়োজন করার প্রতিশ্রুতি দেয় আয়োজক কর্তৃপক্ষ।
দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দাবাড়ুরা এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। পুরস্কার হাতে নিয়ে বিজয়ীরা আগামীতে আরও বড় পরিসরে খেলার আগ্রহ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সফল করতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন