এপ্রিল ২১, ২০২৬, ০৫:৪৬ পিএম
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের শশরা ইউনিয়নের ভবাইনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাকিল বাবু (১৮) নামের এক মেধাবী ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে যুব উন্নয়নের প্রশিক্ষণ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল সদর উপজেলার শশরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাকিল দিনাজপুর যুব উন্নয়নে দুই মাসের একটি প্রশিক্ষণ নিচ্ছিলেন।
মঙ্গলবার প্রশিক্ষণ শেষে দুপুরবেলা সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ভবাইনগর তেলের পাম্পের পাশে পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক তাঁর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শাকিল সাইকেলসহ ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যান এবং ট্রাকের পিছনের চাকা তাঁর বুকের ওপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই শাকিলের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটকে ফেললেও চালক শাহীন তেলের পাম্পের ভেতরে আত্মগোপন করেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাঁদের দাবি ছিল, ট্রাকের মালিক ও চালককে ঘটনাস্থলে এনে সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। অবরোধের ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনকারীরা জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেন।
দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনাস্থলে পৌঁছান। এরপর শশরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে নিহতের পরিবারের সঙ্গে আলোচনায় বসেন তিনি। দীর্ঘ ২০ মিনিটের আলোচনার পর ১৫ দিনের মধ্যে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত গৃহীত হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর পুলিশ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করে এবং দীর্ঘ দুই ঘণ্টা পর মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
মহাসড়ক সচল হওয়ার পর তেলের পাম্পে লুকিয়ে থাকা ঘাতক ট্রাক চালক শাহীনকে (৩৫) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটক শাহীন একই ইউনিয়নের মহতুল্লাপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, ঘাতক ট্রাকটিকে বর্তমানে পুলিশ লাইন্সে আটক রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আজিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শাকিল অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের ছিলেন। সম্প্রতি তিনি পুলিশ লাইন্সে পুলিশ নিয়োগের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর এই তরুণের অকাল প্রয়াণে রানীপুর ও ফুলতলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহপাঠী ও স্বজনদের কান্নায় ওই এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। ঘাতক চালকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শোকসন্তপ্ত এলাকাবাসী।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন