এপ্রিল ২২, ২০২৬, ০৪:৪১ পিএম
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দিনাজপুরে গণপরিবহনের ভাড়া দ্রুত সমন্বয় বা পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন পরিবহন মালিকরা। বুধবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকায় পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এই দাবি উত্থাপন করেন। মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের বাড়তি দামের কারণে বর্তমানে পুরো পরিবহন ব্যবসা চরম হুমকির মুখে পড়েছে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ভবানীশংকর আগড়ওয়াল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, বর্তমানে দেশে চাহিদার তুলনায় জ্বালানি তেলের সরবরাহ অপ্রতুল। এর মধ্যে গত ১৮ এপ্রিল প্রকাশিত সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ১৯ এপ্রিল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।
আগে প্রতি লিটার ডিজেলের মূল্য ছিল ১০০ টাকা ২৫ পয়সা, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ১১৫ টাকা ২৫ পয়সায় দাঁড়িয়েছে। লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির এই বাড়তি চাপ পরিবহন মালিকদের পক্ষে একা বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
ব্যবসায়িক সংকটের কথা তুলে ধরে তিনি আরও বলেন, অতীতে যখনই জ্বালানির দাম বাড়ানো হয়েছে, সেই অনুপাতে পরিবহন ভাড়াও সমন্বয় করা হয়েছিল। কিন্তু বর্তমানে তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও বাসের ভাড়া আগের মতোই রয়েছে। এর ফলে পরিবহন পরিচালনার দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে অনেক মালিক তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এই সংকট নিরসনে দ্রুত ভাড়া সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানান নেতারা।
মতবিনিময় সভায় দিনাজপুর জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপ কমিটির কার্যকরী পরিষদের একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি মো. শামিম আজাদ এবং সাধারণ সম্পাদক মো. শাহেদ রিয়াজ চৌধুরী পিম। এ সময় কমিটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, দপ্তর সম্পাদক মো. জিল্লুর রহমান, যুগ্ম দপ্তর সম্পাদক অজয় কুমার আগরওয়ালা, সাংগঠনিক সম্পাদক আহম্মদ শাহ এবং কোষাধ্যক্ষ শ্রী সুবল ঘোষ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পরিবহন মালিকদের এই সভায় অংশ নেন সড়ক সম্পাদক শাহ মাসুদ কবীর বাবু, সহ-সড়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক এ এফ এম আশিকুর রহমান চৌধুরী ও যুগ্ম অভ্যন্তরীণ হিসাব নিরীক্ষক মো. আরাফাত হোসেন নাহিদ। কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ খালেক, মো. গোলাম আজম কাজল, মো. রেজাউল করিম রেজু, মো. আরিফুল আলম তুষার, মিজানুর রহমান মিজান ও সুবিনয় রায়। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে পরিবহন মালিকদের সমস্যার কথা শোনেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন