রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ফাহিম হোসেন রিজু

এপ্রিল ২৪, ২০২৬, ০৬:৪২ পিএম

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের ‘কলাবাড়ী আরএইচডি-নেংড়াহাট রোড (ভায়া পার্বতীপুর)’ সড়কের এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঘোড়াঘাট শাখার প্রত্যক্ষ বাস্তবায়নে এই উন্নয়ন প্রকল্পটি সম্পন্ন হতে যাচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ঘোড়াঘাট পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় ধরে এই রাস্তাটি সংস্কার ও উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। 

কলাবাড়ী থেকে নেংড়াহাট পর্যন্ত সড়কটি এলাকার যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকল্পটির কাজ শুরু হওয়ার খবরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই উন্নয়ন কাজ শেষ হলে অত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় প্রতিনিধিরা। উদ্বোধন শেষে মন্ত্রী উন্নয়ন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। এর ফলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।