রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর সমাজসেবা কমপ্লেক্স ভবন পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

মোঃ আব্দুর রাজ্জাক

মে ৪, ২০২৬, ১২:৫৩ এএম

দিনাজপুর সমাজসেবা কমপ্লেক্স ভবন পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গেল শনিবার (২ মে) রাতে তিনি দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ এই ৬ তলা বিশিষ্ট আধুনিক ভবনটির প্রতিটি কক্ষ সরেজমিনে ঘুরে দেখেন।পরিদর্শনকালে মন্ত্রী শহর সমাজসেবা কার্যালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাবটি বিশেষভাবে পর্যবেক্ষণ করেন। 

সেখানে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মান নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি কম্পিউটার প্রশিক্ষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন। এছাড়াও সহকারী পরিচালক মো. মুনির হোসেন, পরিচালক রোকনুজ্জামান মন্ডল, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং জেলা যুবদলের আহŸায়ক মাসুদুল ইসলাম মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সমাজসেবা কমপ্লেক্সের এই ভবনটি স্থানীয় পর্যায়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং কারিগরি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও পরামর্শ কেন্দ্রটির কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।