মে ৫, ২০২৬, ০৩:০৮ পিএম
দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকালে এই প্যারেডে অভিবাদন গ্রহণ এবং কিট পরিদর্শন করেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পেশাগত দিকনির্দেশনা দেন।
তিনি পুলিশ বাহিনীর ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করে সঠিক পোশাক পরিধান এবং কিট সামগ্রীর সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। বিশেষ করে কিট সামগ্রীর পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে প্রতিটি সদস্যকে সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব বজায় রাখা অপরিহার্য। তিনি সদস্যদেরকে মাঠ পর্যায়ে দৈনন্দিন দায়িত্ব পালনের সময় আরও সতর্ক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান।
এ সময় পুলিশ লাইন্স মাঠে আয়োজিত কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্যারেডে অংশ নেন।
সঠিক নিয়ম মেনে কিট সামগ্রী ব্যবহারের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মকর্তাদের প্রতি বিশেষ তদারকির নির্দেশ দেওয়া হয়। প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের ব্যক্তিগত সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই প্যারেড অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন