মে ৬, ২০২৬, ১১:১৬ এএম
২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের শহীদদের স্মরণে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে দিনাজপুর জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই স্মরণ সভা আয়োজন করা হয়। সভায় ধর্মীয়, সামাজিক ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নেতারা বক্তব্য প্রদান করেন।
দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুফতি মোহাম্মদ শোয়াইব। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোহরাব হোসেন।
বক্তারা ওই দিনের ঘটনার স্মৃতিচারণ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।সভায় প্রধান বক্তারা বলেন, সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।
তারা দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ইসলামী মূল্যবোধ রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি মজবুত করার বিষয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি খাইরুজ্জামান এবং প্রচার সম্পাদক মাওলানা আবুল কাশেম। তারা সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক নেতাকর্মীদের সামনে তুলে ধরেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ধরে রেখে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক অবক্ষয় রোধ এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই শান্তিপূর্ণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন