রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

খামারিদের ডেইরি উপকরণ দিলেন হুইপ আখতারুজ্জামান

এনামুল মবিন(সবুজ)

মে ৭, ২০২৬, ০৫:৫৯ পিএম

খামারিদের ডেইরি উপকরণ দিলেন হুইপ আখতারুজ্জামান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৮৩০ জন ডেইরি খামারির মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের হাতে এসব সামগ্রী তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, উপজেলার ১২টি ইউনিয়নের মোট ২২টি ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। 

খামারিদের মাঝে উন্নতমানের মিল্ক ক্যান, মিল্ক বাকেট, মেজারিং পট, টিট ডিপিং কাপ, হ্যান্ড গ্লাভস, থার্মোমিটার ক্লক ও গামবুট বিতরণ করা হয়েছে। উপকরণের পাশাপাশি খামারিদের গবাদি পশুর জন্য টিকা, কৃমিনাশক ও অন্যান্য প্রয়োজনীয় প্রণোদনা সহায়তাও প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন্নবী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় খামারি এবং ডেইরি প্রডিউসার গ্রুপের সদস্যরা।

বক্তারা জানান, এসব আধুনিক উপকরণ ব্যবহারের ফলে দুধের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি পাবে। এর মাধ্যমে খামারিরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় খামারিরা সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানান, এসকল উপকরণ তাদের খামারকে আরও টেকসই ও আধুনিক করতে সহায়ক হবে। মূলত ডেইরি খাতের আধুনিকায়নের মাধ্যমেই গ্রামীণ অর্থনীতি মজবুত করার লক্ষ্য নিয়ে এই প্রকল্প কাজ করছে।