মে ১০, ২০২৬, ১০:২৪ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রোগী দেখার জন্য ব্যবহৃত একটি কেবিন সিলগালা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর মোড়ে `শর্মি মেডিক্যাল স্টোর` নামের একটি ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাউসার শেখ।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ডাক্তার পরিচয়দানকারী সোহেল রানার বিরুদ্ধে ভুল চিকিৎসার মাধ্যমে একটি শিশুর চারটি আঙুল হারানোসহ বেশ কিছু অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সোহেল রানা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
তল্লাশি চালিয়ে ওই দোকান থেকে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধের বক্স, স্যাম্পল ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, টেপ, ব্যান্ডেজ এবং অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাউসার শেখ জানান, অবৈধভাবে কেবিন তৈরি করে চিকিৎসা দেওয়ার প্রমাণ পাওয়ায় সেটি সিলগালা করা হয়েছে।অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান এবং ঘোড়াঘাট থানার এসআই রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।
ডা. সোলায়মান মেহেদী হাসান জানান, সোহেল রানা প্রকৃতপক্ষে কোনো চিকিৎসক নন, তিনি একজন ভুয়া ডাক্তার।স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, জনস্বার্থ রক্ষায় এবং সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল সরকারি নিয়ম অনুযায়ী ধ্বংস বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অভিযুক্ত সোহেল রানাকে খোঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন