মে ১১, ২০২৬, ০২:১৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় বীরগঞ্জ থানায় পৃথকভাবে দুটি মামলা রুজু করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ তারিখে উপজেলার ১নং শিবরামপুর দেওলি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে মোঃ আবু বকর সিদ্দিক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার সাহাডুবি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এর পরের দিন ১১ মে ২০২৬ তারিখে উপজেলার সাতোর চৌপুকুরিয়া গ্রামের বটতলী বাজার এলাকায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়।
সেখান থেকে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার চাউলিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মজিবর রহমান (৩০) এবং ফজল হকের ছেলে রাসেল ইসলাম (২০)। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
বীরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিস্তার রোধে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে এই অবৈধ নেশাজাতীয় ট্যাবলেট সরবরাহ করে আসছিলেন। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন