রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সীমান্তে বিজিবি’র অভিযান মদ ও ফেন্সিডিল উদ্ধার

মো: মামুনুর রশিদ

মে ১২, ২০২৬, ১১:৩৮ এএম

সীমান্তে বিজিবি’র অভিযান মদ ও ফেন্সিডিল উদ্ধার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে ২০২৬) রাত ২টা ২০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল এই মাদকদ্রব্য উদ্ধার করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরল উপজেলার মেরাগাঁও এলাকায় চোরাচালানবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। বিজিবি’র টহল দলটি সীমান্ত পিলার ৩২৩/৬-এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মেরাগাঁও এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৯ বোতল ভারতীয় মদ এবং ১০ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (স্কাফ সিরাপ) উদ্ধার করা হয়।

অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। মাদক ও চোরাচালান বন্ধে ভবিষ্যতে এই ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

উদ্ধারকৃত ভারতীয় মদ ও ফেন্সিডিলের বিষয়ে বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।