রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নি‍‍`হত

এনামুল মবিন(সবুজ)

মে ১২, ২০২৬, ১২:৪৬ পিএম

চিরিরবন্দরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নি‍‍`হত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও সৎ ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়া মৌজার টেপাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন ওই গ্রামের শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার প্রথম পক্ষের ছেলে জয়নাল আবেদীন কাবিল ওরফে বিশু (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলাম দুলুর দুই স্ত্রী ও চার ছেলে রয়েছে। প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিলকে বাবা দুলু কিছু জমি লিখে দিয়েছিলেন। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম ওই জমির ভাগ দাবি করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘ দিন ধরে পরিবারটিতে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার সকালে বাবা দুলু তার প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিলকে সাথে নিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। এ সময় দ্বিতীয় পক্ষের দুই ছেলে সেখানে এসে তাদের বাবাকে মারধর শুরু করেন। প্রথম পক্ষের ছোট ছেলে কাবিল বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে সৎ ভাইদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই বাবা শহিদুল ইসলাম দুলু মারা যান। 

এ সময় কাবিল গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

চিরিরবন্দর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আহসান হাবিব জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।