রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে সাড়ে ৬ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ২

মোঃ আব্দুর রাজ্জাক

মে ১২, ২০২৬, ০৩:০৪ পিএম

বীরগঞ্জে সাড়ে ৬ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ২

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা সাড়ে ৬ কেজি ওজনের একটি মূল্যবান প্রাচীন কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। সোমবার (১১ মে) দুপুরে উপজেলার শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আউলিয়া বাজারে অভিযান চালিয়ে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি উদ্ধার করা হয়। এ সময় পাচারচক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন— বীরগঞ্জ উপজেলার ধলগাঁও গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রউফ (৬২) এবং ডগরাই খাটিয়াদিঘি গ্রামের মৃত ফজর আলীর ছেলে গনি মিয়া (৫৪)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল সোমবার দুপুরে নতুন বারো আউলিয়া বাজারে অভিযান পরিচালনা করে। ওই বাজারের জনৈক আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানের ভেতর তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের ভেতর একটি টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে লুকানো অবস্থায় কালো পাথরের ওই বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

জব্দকৃত মূর্তিটির দৈর্ঘ্য ১৬.৫ ইঞ্চি, প্রস্থ ৭.৫ ইঞ্চি এবং ওজন ৬ কেজি ৫০০ গ্রাম। মূর্তির দুই পাশে ছোট দুটি মূর্তি ও সুক্ষ্ম কারুকার্য খচিত নকশা রয়েছে। অভিযানকালে আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এই ঘটনায় র‍্যাব-১৩ এর ওয়ারেন্ট অফিসার মো. হাফিজুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ ধারায় বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এটি কত বছরের পুরোনো বা কোন যুগের প্রত্নসম্পদ, তা নিশ্চিত হতে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করার প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।