মে ১৬, ২০২৬, ১১:২৯ পিএম
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষক সমাজের জন্য কাজ করতে চান। সেই কাজ গুলো আপনাদের মাধ্যমে আমরা ত্বরান্বিত করতে চাই। শিক্ষকদের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য যেটার জন্য আপনি নিয়োজিত সেই শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করে অন্য কোনো কাজে আপনারা যেতে পারবেন না।
প্রতিটি শিক্ষককে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্লাস নেওয়ার যে প্রক্রিয়া রয়েছে আপনারা সেটাই করবেন। শিক্ষক সমিতির অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না তবে পরামর্শ থাকবে কাউকে বহিষ্কার না করে একটা সমঝোতা করে নিজেদের সমস্যা সমাধান করতে পারেন।
গতকাল সকাল ১১টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমিতির চেয়ারম্যান মো. সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক, সমবায় অফিসার মো. জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোতালেব, ভাইস চেয়ারম্যান মো. জহুরুল হক প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সমিতির সেক্রেটারি সুজন মোহন্ত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন