মে ২৩, ২০২৬, ০১:০৭ এএম
দিনাজপুরে সমসাময়িক আইন ও নীতি বিষয়ে আইনজীবী এবং সিএসও লিডারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে এই আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সিভিক এনগেজমেন্ট ফান্ডের সহায়তায় প্রকাশ প্রকল্পের অধীনে এটি বাস্তবায়িত হয়।
প্রশিক্ষণে ব্লাস্টের প্যানেল আইনজীবী ও স্থানীয় সিএসও লিডারসহ মোট ২৫ জন অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্লাস্ট দিনাজপুর ইউনিটের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুম মুনিরা। প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. একরামুল আমিন এবং অ্যাডভোকেট ফারজানা ফারহীন। অনুষ্ঠানে ইউনিটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী অ্যাডভোকেট পিনাক পানি রায় ও ডিপিও প্রতিমা রানী রায় উপস্থিত ছিলেন। সাংবাদিক যাদব চন্দ্র রায়ও এতে যোগ দেন।
স্থানীয় সিএসও নেতা ও আইনজীবীদের দক্ষতা বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য। সমসাময়িক নানা আইন, আইনি সংস্কার এবং আনুষঙ্গিক নীতি সম্পর্কে এখানে হালনাগাদ তথ্য প্রদান করা হয়, যাতে তারা স্থানীয় পর্যায়ে কাজ করতে পারেন। এতে ন্যায়বিচারের সঠিক প্রয়োগ করা তাদের জন্য সহজ হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন