শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ফুটবল বিশ্বকাপ ঘিরে হাকিমপুরে পতাকা বিক্রি জমজমাট

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৬, ১০:২৮ পিএম

ফুটবল বিশ্বকাপ ঘিরে হাকিমপুরে পতাকা বিক্রি জমজমাট

ছবি-দিনাজপুর টিভি

আর মাত্র একদিন পর পর্দা উঠতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২০২৬ ফুটবল বিশ্বকাপের। এই বৈশ্বিক আসরের উন্মাদনায় ইতোমধ্যে মেতে উঠেছেন দিনাজপুরের হাকিমপুরের ফুটবলপ্রেমীরা। প্রিয় দলকে সমর্থন জানাতে স্থানীয় বাজারে বিভিন্ন দেশের পতাকার চাহিদা ও বিক্রি ব্যাপক হারে বেড়েছে। বুধবার সকালে হিলি গোডাউন মোড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন উৎসবমুখর চিত্র দেখা যায়।

বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা বিক্রিতে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।অটোরিকশা ও ভ্রাম্যমাণ স্টলে বিভিন্ন আকারের পতাকা বিক্রি করছেন ব্যবসায়ীরা। আকারভেদে এই পতাকাগুলো ৫০ টাকা থেকে শুরু করে কয়েকশ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। অনেকেই লম্বা বাঁশ ও লাঠিতে পতাকা টাঙিয়ে চায়ের দোকান, বাড়ি ও যানবাহনে লাগানোর জন্য এগুলো কিনছেন। বিক্রেতারা জানান যে খেলা যত ঘনিয়ে আসছে, পতাকার চাহিদাও তত বাড়ছে।

স্থানীয় সমর্থকদের মধ্যে প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়ানোর প্রবণতাও লক্ষ্য করা গেছে। রাস্তাঘাট, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে এখন শুধু প্রিয় দল নিয়েই চলছে নানা ধরনের তর্ক-বিতর্ক। আর্জেন্টিনার সমর্থক আলী আজগর জানান যে তারা বন্ধুরা মিলে পতাকা কিনেছেন এবং এবারও লিওনেল মেসির দল শিরোপা ধরে রাখবে বলে আশা করছেন। 

অন্যদিকে ব্রাজিলের সমর্থক আরিফুল ইসলাম নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপর আস্থা রেখে প্রিয় দলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।ব্যবসায়ীরা আশা করছেন আগামী কয়েকদিন বেচাকেনা আরও ভালো হবে। ফুটবল বিশ্বকাপকে ঘিরে হিলিজুড়ে এখন এক অন্যরকম আনন্দের আমেজ বিরাজ করছে।