রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে অগ্নিলা নৃত্য নিকেতনের সপ্তাহব্যাপী ভারত নাট্যম কর্মশালার সমাপনী

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ১৫, ২০২৬, ০৪:২৯ পিএম

দিনাজপুরে অগ্নিলা নৃত্য নিকেতনের সপ্তাহব্যাপী ভারত নাট্যম কর্মশালার সমাপনী

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী নৃত্য প্রতিষ্ঠান অগ্নিলা নৃত্য নিকেতনের উদ্যোগে সপ্তাহব্যাপী ভারত নাট্যম কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে শুদ্ধ সাংস্কৃতিক চর্চার প্রসারে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।শুদ্ধ সাংস্কৃতিক চর্চায় শিশুরা যেন বেড়ে উঠতে পারে, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক ও নৃত্যশিল্পী রওনক আরা হক নিপা স্বাগত বক্তব্যে বলেন, ভারত নাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি প্রাচীন ও অত্যন্ত জনপ্রিয় ধ্রুপদী নৃত্যশৈলী। ভাব, রাগ ও তালের সমন্বয়ে এই নৃত্য পরিবেশিত হয়। সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো: মহসীন ইসলাম মনি, যিনি ভারতের চণ্ডীগড় থেকে এই বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার মো: মাইনুল ইসলাম, নবরূপীর সভাপতি আব্দুস সামাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। প্রশিক্ষক মো: মহসীন ইসলাম মনি বলেন, ভারত নাট্যমের মূল ভিত্তি হলো নিখুঁত শারীরিক ভঙ্গি, শরীরের ভারসাম্য এবং হাতের নির্দিষ্ট মুদ্রা। চোখ ও মুখের অভিব্যক্তির মাধ্যমে বিভিন্ন আবেগ ফুটিয়ে তোলাই এই শিল্পের প্রধান বৈশিষ্ট্য। শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।