সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে বগুড়া জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

মোঃ ইউসুফ আলী

জুন ১৮, ২০২৬, ০৫:৫১ পিএম

দিনাজপুরে বগুড়া জেলা সমিতির ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে বসবাসরত বগুড়া জেলা সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী এবং বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তথা দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল আলম খান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক তথা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই দিনাজপুরের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহফুফুজ্জামান আশরাফ। সামাজিক এই মিলনমেলায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বগুড়া জেলার কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা অংশ নেন।সংগঠনের দুই কর্মকর্তার বদলি উপলক্ষে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদায়ী ব্যক্তিরা হলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেটলাইফ দিনাজপুরের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট মোহাম্মদ তাবিউরের রহমান খান পলাশ এবং প্রচার সম্পাদক মোহাম্মদ আমিরুল আরেফিন। অনুষ্ঠানে বিদায়ী এই কর্মকর্তাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়। পরে অনুষ্ঠিত এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কার্যনির্বাহী সদস্য মাহমুদ রেজা ও ফেরদৌস হোসেনসহ উপস্থিত সদস্যরা। অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া।

উল্লেখ্য যে দিনাজপুরস্থ বগুড়া জেলা সমিতি দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে করোনাকালীন ও সাধারণ সময়ে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং সংগঠনের সদস্যদের যেকোনো ব্যক্তিগত ও পারিবারিক আপদে পাশে দাঁড়ানো অন্যতম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আতোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান মিম ও সিটির ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন। উৎসবমুখর এই আনন্দ অনুষ্ঠানের সবশেষে উপস্থিত সকল সদস্যদের জন্য ঐতিহ্যবাহী খাবার হিসেবে বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি দিয়ে আপ্যায়ন করা হয়।