রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অবৈধ অনুপ্রবেশের সন্দেহে এক নারীসহ চারজন আটক

মো: মামুনুর রশিদ

জুন ২৪, ২০২৬, ০২:২৩ পিএম

অবৈধ অনুপ্রবেশের সন্দেহে এক নারীসহ চারজন আটক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলায় ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সন্দেহে এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার শংকরপুর ইউনিয়নের বনতারা মনিপুর সীমান্তের শালকি ডুয়াপাড়া পাথার এলাকায় এই ঘটনা ঘটে। সীমান্তে ফসলি জমিতে সন্দেহজনক ঘোরাফেরার সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দায়িত্বরত আনসার সদস্যরা তাদের আটক করেন।

বর্তমানে আটককৃতদের শংকরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে।আটক হওয়া ব্যক্তিরা হলেন ৪৪ বছর বয়সী জাহানারা বেগম এবং ৫১ বছর বয়সী আকুব্বর মোল্যা। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। আটক বাকি দুজন হলেন বোরহান ও রমজান — তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের স্থায়ী বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার মির্জাপুর এলাকায়। 

শংকরপুর ইউনিয়ন পরিষদের সদস্য পঙ্কজ বসাক জানান, ভোরে ওই চারজনকে সীমান্ত এলাকার ফসলি জমিতে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাদের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে বাংলাদেশি নাগরিকত্ব এবং নড়াইলের ঠিকানা নিশ্চিত হওয়া যায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এই বিষয়ে দিনাজপুর ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর স্থানীয়দের সহযোগিতায় চারজন আটক হওয়ার খবর পেয়ে বিজিবির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিছুদিন আগে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।