রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রশ্নপত্র ফাঁস ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

মো: মামুনুর রশিদ

জুন ২৬, ২০২৬, ০৬:২৮ পিএম

প্রশ্নপত্র ফাঁস ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ছবি-দিনাজপুর টিভি

যদি কেউ প্রশ্নপত্র ফাঁস করে কিংবা এর সাথে কোনোভাবে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে এমন কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে যা সে সারা জীবন মনে রাখবে। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের মিথ্যা অপপ্রচার চালিয়ে যারা শিক্ষার্থীদের লেখাপড়া ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।আজ শুক্রবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই হুঁশিয়ারি দেন।

আসন্ন উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশে মন্ত্রী বলেন, যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নিজের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে সাহস পান না, তাঁদের প্রতিষ্ঠান প্রধান হওয়ার কোনো যোগ্যতা নেই। বিগত দিনের অনিয়ম ভুলে এখন থেকে শিক্ষকদের সন্তানদের নিজেদের প্রতিষ্ঠানেই পড়ানোর আহ্বান জানান তিনি।

দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ ও জেলা প্রশাসক রফিকুল ইসলামের উপস্থিতিতে এই সভা সম্পন্ন হয়। শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষার পরিবেশ নষ্ট করার অপচেষ্টা সরকার কোনোভাবেই বরদাশত করবে না। পরীক্ষা সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ করছেন।