রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মো: মামুনুর রশিদ

জুলাই ১, ২০২৬, ০৩:৫২ পিএম

দিনাজপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বুধবার ১ জুলাই এই বিশেষ কৃষি প্রণোদনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক সুবিধাভোগী কৃষক অংশগ্রহণ করেন। প্রধান অতিথীর বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকার দেশের কৃষি ও মেহনতি কৃষকদের সার্বিক উন্নয়নে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে আধুনিকায়নের মাধ্যমে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এই প্রণোদনার মূল লক্ষ্য।

তিনি দিনাজপুরকে একটি পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক অঞ্চলে রূপান্তরিত করা এবং কৃষকদের আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর বিশেষ জোর দেন। একই সাথে তিনি অতীতে ১৯৯১ সালের ভয়াবহ বন্যার সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হেলিকপ্টারে করে কৃষকদের জন্য জরুরি সার ও বীজ সরবরাহের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক কৃষকদের আমন আবাদে সরাসরি প্রণোদনা দিচ্ছেন, যা গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করতে সহায়তা করবে।

সদর উপজেলার মোট ৪ হাজার ২৫০ জন তালিকাভুক্ত কৃষককে এই কর্মসূচির আওতায় সরাসরি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রতিজন কৃষককে রোপা আমন ধানের ৬ কেজি উন্নত বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দীক এবং স্থানীয় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ৭ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুন্নবী এবং জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।