জুলাই ২, ২০২৬, ০৯:৩৭ পিএম
দিনাজপুরের বিরলে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সাদ্দিক রিয়াজ পিনাক। উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
মেলাটি আগামী ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলার মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।উপজেলা কৃষি অফিসার রুবিনা আক্তার স্বাগত বক্তব্যে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি গ্রহণের পরামর্শ দেন, যা টেকসই কৃষির জন্য অপরিহার্য।
উদ্বোধন শেষে সংসদ সদস্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন অনুদান বিতরণ করেন। এর মধ্যে ছিল বেসরকারি এতিমখানা ও আশ্রমে ক্যাপিটেশন গ্র্যান্ট, স্বেচ্ছাসেবী সংস্থা ও দুস্থদের মাঝে অনুদানের চেক। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং জাতীয় ফল মেলা উপলক্ষে বিভিন্ন দেশীয় ফলের গুণাগুণ সম্পর্কে অবগত হন। আধুনিক কৃষি প্রযুক্তির পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান সংসদ সদস্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন