সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরে নতুন প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা

মোঃ ইউসুফ আলী

জুলাই ২, ২০২৬, ১০:৫৫ পিএম

তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরে নতুন প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের মুন্সিপাড়ায় ‘সচেতন সংঘ’-এর উদ্যোগে নতুন ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় হেমায়েত আলী হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কাচি। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা ও সুস্থ ধারার সংস্কৃতির প্রসারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

দিনাজপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করলো এই প্রশিক্ষণ কেন্দ্র।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহীন হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। সচেতন সংঘের সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী সজল স্বাগত বক্তব্যে জানান, স্থানীয়দের শারীরিক সুস্থতা ও খেলাধুলায় দক্ষতা অর্জনে এই ইনডোর সেন্টারটি নিয়মিত প্রশিক্ষণ প্রদান করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাফিউস সেলিম সজীব।

ইতিহাসের সাক্ষী এই সংগঠনটির প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা জানান, তৎকালীন সময়ে এস. এ. বারী এটি ও মাসুদ হাসান চৌধুরীর নেতৃত্বে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের মাধ্যমেই বৃহত্তর দিনাজপুর অঞ্চলে জাতীয়তাবাদী ছাত্রদল তার কার্যক্রম শুরু করে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই ক্রীড়া উদ্যোগটি এলাকার ক্রীড়ামোদী তরুণদের মাঝে দারুণ উৎসাহের জন্ম দিয়েছে।

উদ্বোধনী আয়োজনে সংগঠনের উপদেষ্টা রিয়াজুল ইসলাম সন্টু, আসলামুল হক মাহবুব, আব্দুর রহিম ও একেএম মাহফুজুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন এই সেন্টারের কার্যক্রম নিয়মিত চালু থাকলে স্থানীয় পর্যায়ে ভালো মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।