জাহিদ হাসান
জুলাই ৩, ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি : দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের মধুবনপুর গ্রামের ভাঙনকবলিত স্থান পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে এমপি ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন।
পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম জানিয়েছেন, আত্রাই নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে প্রায় ১০০ থেকে ১৫০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় অনেক মানুষের বসতবাড়ি ও কৃষিজমি এখন হুমকির মুখে পড়েছে।
পরিদর্শন শেষে সংসদ সদস্য মনজুরুল ইসলাম স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, নদীভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১০ দিনের মধ্যেই ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ শুরু হবে এবং তিনি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।এমপির এই আশ্বাসে স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙন প্রতিরোধের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন।