জুলাই ৫, ২০২৬, ০২:৩৭ পিএম
দিনাজপুরের উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদায় সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ জুলাই প্রতিষ্ঠানের হলরুমে সপ্তম পর্বের টেক্সটাইল ও পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবু তৈয়ব আলী দুলাল।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়েছে এই সংবর্ধনা।প্রধান অতিথির বক্তব্যে মো. আবু তৈয়ব আলী দুলাল আবেগঘন কণ্ঠে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সপ্তম পর্ব শেষ করে আজ তোমরা কর্মজীবনে পদার্পণ করতে যাচ্ছো। কিছুদিন আগেও তোমরা এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে, আর আজ তোমরা বিদায়ের সন্নিকটে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
প্রতিষ্ঠাতা পরিচালক আরও বলেন, তোমরা এই প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষার্থী হিসেবে পরিবার, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। তোমাদের সাফল্য ও পথচলা দেখে আগামীর শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে আদর্শবান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মো. মাসুদ রানা, মো. রেজওয়ানুল মজুমদার, শ্রী সুবল চন্দ্র রায়, মো. শাহনেওয়াজ তালুকদারসহ অন্যান্য ইন্সট্রাক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টরবৃন্দ। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন