বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমস্যা সমাধানে এমপি জাহাঙ্গীর

মো: মামুনুর রশিদ

জুলাই ৬, ২০২৬, ০৩:১৯ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমস্যা সমাধানে এমপি জাহাঙ্গীর

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের সঙ্গে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট, রোগীদের সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, সহকারী পরিচালক ডা. আব্দুস সামাদ, ডা. শ্যামলী সাহা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী এবং হাসপাতালের পুরুষ অর্থোপেডিক বিভাগের নার্সিং ইনচার্জ প্রিতম কুমার রায়সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মতবিনিময় সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।