জুলাই ৭, ২০২৬, ০৪:১৩ পিএম
অবিলম্বে ২০২৫ সালের নবায়নযোগ্য এবং ৩০ জুন ২০২৬ মেয়াদ উত্তীর্ণ টিসিবি ডিলারদের সাথে চুক্তি সম্পাদনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দিনাজপুর জেলার ডিলাররা। গতকাল মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে ডিলাররা অভিযোগ করেন, কোনো প্রকার সঠিক যাচাই-বাছাই ছাড়াই হটকারী সিদ্ধান্তের মাধ্যমে অনেক ডিলারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বক্তারা দাবি করেন, তারা কখনোই কালোবাজারি বা সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন না। বরং একটি কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কাজ করছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
ডিলারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানানো হয় যেন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। তারা বর্তমান সরকারের ওপর পূর্ণ আস্থা রেখে বলেন, ডিলারশিপ বাতিলের কারণে অনেক পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিরল উপজেলা ডিলার মুস্তাকিম সরকার, আব্দুল হক আদু, বীরগঞ্জের সোহাগ, দিনাজপুরের ইস্তেখার, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, আহসানুল হক হাসান, ফরহাদ শাহ, ফিরোজ আলী ও রুবেল ইসলামসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলাররা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন