জুলাই ৭, ২০২৬, ০৪:২৫ পিএম
দিনাজপুরের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার ভোর ৩টার দিকে উপজেলার স্বজনপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুম আক্তার মিমি (৩০) ও অভিযুক্ত মানিক হোসেন (৩৫) দম্পতির তিন ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই মানিক হোসেন শ্বশুরবাড়িতে বসবাস করতেন। দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে আর্থিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে অন্য ঘরে ঘুমানোর কথা বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মানিক ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মিমির মাথায় একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে আলা-আমিনের ভাষ্যমতে, ঘটনার সময় সে চিৎকার করলে তার বাবা তাকেও হত্যার হুমকি দেন। পরে স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে মানিক হোসেনকে আটক করে বেঁধে রাখে এবং পুলিশে খবর দেয়।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত মানিক হোসেনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন