জুলাই ৯, ২০২৬, ০৫:৪৬ পিএম
দিনাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে কাঞ্চন ব্রিজের ওপর এই কর্মসূচি পালিত হয়। এই আন্দোলনের ফলে ব্রিজ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এই দুর্ভোগের শিকার প্রায় দুই হাজার পরিবার।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, হঠাৎপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও বসতবাড়িতে পানি জমে যায়। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকিও বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
মানববন্ধন চলাকালে কাঞ্চন ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয় পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে। এতে জরুরি কাজে বের হওয়া যাত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
বক্তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। জনদুর্ভোগ লাঘবে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন