রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে মন্দিরে টিউবওয়েল উপহার মেয়র পদপ্রার্থী নুর জামালের

সুবল রায়

জুলাই ১১, ২০২৬, ০৮:১৯ পিএম

বিরলে মন্দিরে টিউবওয়েল উপহার মেয়র পদপ্রার্থী নুর জামালের

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বিরল রেল স্টেশন দুর্গা মন্দিরে সুপেয় পানির সংকট নিরসনে একটি টিউবওয়েল স্থাপন করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মো. নুর জামাল হোসেন। শনিবার দুপুরে নলকূপ স্থাপনের পর তা মন্দির কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন ধরে মন্দিরে আসা ভক্ত ও স্থানীয় বাসিন্দারা বিশুদ্ধ খাবার পানির সংকটে ভুগছিলেন। এই টিউবওয়েল স্থাপনের ফলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটল। নিজের অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন মেয়র পদপ্রার্থী।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল রেল স্টেশন দুর্গা মন্দিরের সভাপতি আলেন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মিলটন চন্দ্র রায়, মন্দির কমিটির সদস্য মানিক মহন্ত, পৌর বিএনপির নির্বাহী সদস্য আতাউর রহমান, যুবদল নেতা নকিবুল ইসলাম, পৌর যুবদলের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফ হোসেন এবং যুবদল সদস্য আশরাফুল ইসলাম লালসহ স্থানীয় বিএনপি ও মন্দির কমিটির নেতারা।

টিউবওয়েল প্রদান শেষে মেয়র পদপ্রার্থী মো. নুর জামাল হোসেন বলেন, পৌরসভার প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে বিরলের প্রতিটি মানুষের পাশে আমি সবসময় থাকতে চাই। মন্দিরে পানির সংকট দূর করতে পেরে আমি আনন্দিত।

মন্দির কমিটির সভাপতি আলেন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক মিলটন চন্দ্র রায় এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, মেয়র প্রার্থীর এই উপহার আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এটি আমাদের এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে প্রার্থীর সম্পৃক্ততা জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এলাকার অন্যান্য সংকট সমাধানেও একই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।