জুলাই ১২, ২০২৬, ০১:০৫ পিএম
“তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি—আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ১২ জুলাই রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, উন্নত জীবনযাপন এবং সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিতের জন্য প্রজন্মের পর প্রজন্ম ন্যায়-নীতি বোধ ধরে রাখা প্রয়োজন। বর্তমান বিশ্বে তরুণরাই উন্নত ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
বক্তারা আরও বলেন, অধিক জনসংখ্যা কোনো অভিশাপ নয়, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একে সম্পদে বা আশীর্বাদে পরিণত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাখি ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ডাঃ মোঃ রেজাউল হক।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। জেলা পর্যায়ে ১০ জন এবং উপজেলা পর্যায়ে ৪ জন কর্মীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ৪টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ উপজেলা প্রশাসন হিসেবে হাকিমপুর উপজেলা প্রশাসনকে সম্মাননা জানানো হয়। পুরস্কারপ্রাপ্তদের পক্ষে এ সময় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন