জুলাই ১৩, ২০২৬, ০৮:৫০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে `৫ জিরো অর্জনে, হান্ড্রেড হিরো` শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের নেতৃত্ব, সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ আফজাল রাজন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় শূন্য ক্ষুধা, শূন্য শিশুশ্রম, শূন্য অপুষ্টি, শূন্য বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু এবং প্লাস্টিকমুক্ত সমাজ—এই পাঁচটি লক্ষ্য বা `৫ জিরো` অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করেই একটি নিরাপদ, শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। বর্তমানে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে ম্যানুয়েল হাসদা বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশু ও তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশু ক্ষুধার্ত থাকবে না, শিশুশ্রমে জড়াবে না, অপুষ্টিতে ভুগবে না এবং শিক্ষা থেকে ঝরে পড়বে না। আজকের কর্মশালা তারই একটি ধারাবাহিক কার্যক্রম।
কর্মশালার শেষে অংশগ্রহণকারী তরুণরা `৫ জিরো ক্যাম্পেইন` বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার শপথ গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত যুবক-যুবতীদের মাঝে ক্যাপ ও টিশার্ট বিতরণ করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিশুরা একটি মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। তরুণদের নেতৃত্বের মাধ্যমে ক্ষুধামুক্ত, শিশুশ্রমমুক্ত, অপুষ্টিমুক্ত, বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত ও প্লাস্টিকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন