জুলাই ১৪, ২০২৬, ১২:২১ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন ওই এলাকার রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপেন চন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী। তিনি সেখানে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে বিয়ে করেন। এরপর থেকেই পরিবারে অশান্তি চলছিল। ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে তাদের বাগ্বিতণ্ডা হয়। পরবর্তীতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।ইউপি সদস্য মো. ইয়াকিন আলী জানান, রিপেনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন