জুলাই ১৫, ২০২৬, ০৬:৫৪ পিএম
দিনাজপুরের বিরলে দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো বিনষ্ট করার প্রক্রিয়া সম্পন্ন হয়।
জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন জলাশয়ে অসাধু উপায়ে মাছ ধরার উদ্দেশ্যে নিষিদ্ধ জালের ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। পরিবেশ ও মৎস্য সম্পদের সুরক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম উপস্থিত থেকে জাল ধ্বংসকরণ প্রক্রিয়া তদারকি করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারের ফলে ডিমওয়ালা মাছসহ ছোট-বড় সব ধরণের দেশীয় প্রজাতির মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং অসাধু মাছ শিকারিদের দমনে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মৎস্যজীবীদের প্রতি এ ধরনের ক্ষতিকর নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন