জুলাই ১৫, ২০২৬, ০৯:২৭ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩১৬ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই কৃষি উপকরণ প্রদান করা হয়।মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক রবিউল আলম তুহিন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা এবং সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই উপকরণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উপজেলার ৩১৬ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন জাতের গাছের চারা, ২৫ কেজি গোবর সার ও ৫টি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৫৮০টি বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়েছে। উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের স্বাবলম্বী করে তোলাই সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য।উপস্থিত কৃষকরা তাদের প্রয়োজনীয় উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। কৃষি খাতের উন্নয়নে সরকারের এই ধারাবাহিক সহায়তা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন