জুলাই ২০, ২০২৬, ০৩:৪২ পিএম
দিনাজপুরের ইছামতী নদীর ওপর ৬০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই সেতুটির উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ ও সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মিয়া। এই ব্রিজটি নির্মাণে ব্যয় ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা স্থানীয় জনপদের দীর্ঘদিনের দাবি ছিল।নতুন এই ব্রিজটি যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
প্লানেরবাজার (আরএইচডি) থেকে হাজিরহাট হয়ে বটতলী বাজার এবং বটতলী সাকোরপাড়ার সন্নিকটে নির্মিত এই সেতুটি স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে ব্যাপক সুবিধা বয়ে আনবে। দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি সেতুর অভাবে এলাকাবাসী ও কৃষকদের পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হতো। সেতুটির ফলে এখন সহজেই নদী পারাপার সম্ভব হবে এবং পার্শ্ববর্তী এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে।
উদ্বোধনকালে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রতিটি প্রান্তে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত এই গার্ডার ব্রিজটি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি স্থানীয় বাসিন্দাদের সরকারি সম্পদ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, ব্রিজটি হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ এখন খুব সহজেই উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্রিজটির কাজ সম্পন্ন করা হয়েছে। এখন থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্যবাহী যানবাহন নির্বিঘ্নে এই সেতু দিয়ে চলাচল করতে পারবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন