জুলাই ২২, ২০২৬, ০৩:৪৫ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এই সভায় স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। এলাকার শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া।উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচ নম্বর ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রবিউল আলম তুহিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তরেই শিক্ষার ভিত মজবুত করতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় বক্তারা প্রাথমিক বিদ্যালয়গুলোর বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি, শিক্ষক সংকট দূরীকরণ এবং পাঠদানের মান বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। স্থানীয় শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সাধনে এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন