শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বিরামপুরে সংলাপ

মোঃ সামিউল আলম

জুলাই ২২, ২০২৬, ০৮:৩৭ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বিরামপুরে সংলাপ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব হেলথ-ইউকে এর আর্থিক সহযোগিতায় এবং ল্যাম্ব কমিউনিটি সেফটি শিল্ড বা সিএসটু প্রজেক্টের উদ্যোগে পৌর শহরের বেলডাঙ্গায় অবস্থিত একটি মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়। 

বুধবার সকালে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।সংলাপের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহাবস্থান।অনুষ্ঠানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধিরা ছাড়াও স্থানীয় শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সংলাপে আমন্ত্রিত বক্তারা আলোচনা করতে গিয়ে বলেন যে পৃথিবীর সব ধর্মই মূলত মানবতা, শান্তি, পারস্পরিক সহনশীলতা ও সুমহান নৈতিকতার শিক্ষা দিয়ে থাকে। 

ধর্মীয় ভিন্নতা বা বিভেদ কোনো বাধা নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমেই কেবল একটি সুন্দর, সুশৃঙ্খল ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব বলে তাঁরা মন্তব্য করেন। সব ধরনের ঘৃণা, সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষ চিরতরে পরিহার করে দেশ ও সমাজের স্বার্থে সকলকে একে অপরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জোরালো আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় রাখতে শিক্ষা প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরিশেষে আয়োজকদের পক্ষ থেকে দেশ ও জাতির সার্বিক শান্তি, অগ্রগতি এবং জাতীয় ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে সংলাপের সমাপ্তি ঘোষণা করা হয়।