জুলাই ২৪, ২০২৬, ১১:১১ এএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছয় নম্বর নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র হাবলুহাট পাড়ায় মৃত যতিন্দ্র মাস্টারের বাড়িতে গত বৃহস্পতিবার ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।অগ্নিকাণ্ডে ওই পরিবারের বসতঘর ও সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবলুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৃত প্রধান শিক্ষক যতিন্দ্র মাস্টারের মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী অত্যন্ত কষ্টে সংসার চালিয়ে আসছিলেন। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কিছুদিন আগে একটি এনজিও থেকে উত্তোলিত ঋণের নগদ টাকাও আগুনে পুড়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় তিনি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটিকে একটি নতুন বসতঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু ও ইউপি সদস্য গোবিন্দ মোহন রায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন